প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকে

১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে উল্কাবৃষ্টি। পার্সাইড উল্কাবৃষ্টি নামে পরিচিত এই উল্কাবৃষ্টি প্রতিবছর একই সময়ে হয়ে থাকে। এ বছর ১৩ আগস্ট ভোররাতে এই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে পার্সিয়েড উল্কাবৃষ্টি দেখা যাবে।
গত বছর এই সময় উল্কাবৃষ্টি ঘটার সময় দৃশ্যমান চাঁদ ছিল না। তবে এ বছর উল্কাবৃষ্টির সময় চাঁদের আলো থাকবে। এর ফলে উল্কাবৃষ্টি দেখার সময় কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। বিজ্ঞানীদের তথ্যমতে, পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের পার্সি নক্ষত্র থেকে আসবে উল্কাগুলো। চাঁদের আলো থাকা সত্ত্বেও পার্সাইড উল্কা পুরো আকাশে দারুণ এক দৃশ্য তৈরি করবে।
পার্সাইড নামটি পার্সিয়াস নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে এই উল্কাবৃষ্টি দেখা যায়। ধারণা করা হচ্ছে, এ বছর প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যাবে। এসব উল্কা ধূমকেতুর ধ্বংসাবশেষ দিয়ে তৈরি বৃহত্তর কণা থেকে তৈরি হয়েছে।
পার্সাইড উল্কাবৃষ্টির উৎস হলো সুইফট-টাটল ধূমকেতু। এই ধূমকেতু যখন সূর্যের কাছাকাছি আসে, তখন এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন তার কক্ষপথে এই ধূলিকণার স্তরের মধ্য দিয়ে যায়, তখন এই সব কণা বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। এই জ্বলন্ত কণাই হচ্ছে উল্কা বা শুটিং স্টার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান